চট্টগ্রামের মীরসরাই উপজেলার শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন ‘প্রজন্ম মীরসরাই’র স্থানান্তরিত নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মীরসরাই সদরস্থ নবী সওদাগর মার্কেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শাহেদ নূর। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. খাইরুল মোস্তফা। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আব্দুল আউয়াল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক রুহী মোস্তফা।
এ সময় সংগঠনের পরিচালক গোলাম রব্বানী, মীরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, সভাপতি সাঈদ ভুঁইয়া সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধক ইঞ্জিনিয়ার মো. খাইরুল মোস্তফা বলেন, সুন্দর সমাজ গঠনে তরুণদের সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডের বিকল্প নেই। প্রজন্ম মীরসরাই শুরু থেকেই শিক্ষানুরাগী ও মানবিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছে। নতুন কার্যালয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং যুবসমাজ এলাকার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান অতিথি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই প্রজন্ম মীরসরাই শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে। নতুন কার্যালয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।
পৃষ্ঠপোষক রুহী মোস্তফা বলেন, আলোকিত সমাজ গঠনে নারীদের পিছিয়ে রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। নারী জাগরণ ও তাদের মেধার সঠিক মূল্যায়নের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে। প্রজন্ম মীরসরাইয়ের কার্যক্রমে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ ও নারীর ক্ষমতায়নে ইতিবাচক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক জয় বড়ুয়া আদি, সহ-অর্থ সম্পাদক সাদেক হোসেন রোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম বাদশা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশান কুমার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন, কার্যকরী সদস্য হাসান সাকিব ও কাজী তানজিম ইবনে মাইনুল এবং সদস্য ফারহান তানভীর শুভ, মো. ইয়াসিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
