back to top

চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১৫:০৭
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কার না হওয়ার প্রতিবাদে সড়কের গর্তে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ও নেতাকর্মীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন গর্তে চারা রোপণ করেন তারা। এ সময় হাতে মোমবাতি নিয়েও প্রতিবাদ জানান অর্ধশতাধিক শিক্ষার্থী।

প্রতিবাদকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। পাশাপাশি সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছে। সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবি জানিয়ে বিভিন্ন সময়ে আন্দোলন হলেও এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। অথচ দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা থাকায় প্রায় ২৮ হাজার শিক্ষার্থী ভোগান্তিতে পড়ছেন। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতে চুরি, ছিনতাই ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটছে।’

তিনি বলেন, ‘দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবিতেই এই প্রতীকী প্রতিবাদ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এলজিইডির সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।’