ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষ ভোট আয়োজন নিয়ে শঙ্কার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর দেয়া এক তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এমন শঙ্কার কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, তফসিল ঘোষণার জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ। তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতার অভাব রয়েছে।
আরও পড়ুন
দলীয় চাপের বাইরে গিয়ে কতটুকু নিরপেক্ষ অবস্থায় এ নির্বাচন আয়োজন করা যাবে—তা নিয়ে সন্দেহ আছে।
তিনি আরও বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের উদ্দ্যেশ্য ছিল ভোটাধিকার প্রয়োগ করা। সরকারের তিনটি দায়িত্ব ছিল- বিচার, সংস্কার ও নির্বাচন। সেটা বাস্তবায়ন হওয়ার পথে। আমরা সাধুবাদ জানাচ্ছি।
পাটওয়ারী বলেন, নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের সদিচ্ছা আছে। তবে কোথাও না কোথাও নিরপেক্ষতার অভাব আছে।
আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য পেশিশক্তি ও টাকার প্রভাবকে আশঙ্কা করছি। এ অবস্থায় জনগণকে আহ্বান জানাব, তারা যেন ভোটকেন্দ্র পাহারা দেন।
নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে তিনি বলেন, আমরা ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম, কিন্তু সেটা উপেক্ষা করা হয়েছে। সুষ্ঠু ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছারও অভাব আছে বলে মনে করছি।
এ সময় এনসিপিতে আসিফ মাহমুদের যোগদান করা প্রশ্নে নাসীরুদ্দীন বলেন, আসিফ মাহমুদ এনসিপিতে এসে সংস্কারের পক্ষে কাজ করুক এটাই প্রত্যাশা করবো। তবে কারো ব্যক্তি স্বাধীনতা নিয়ে কিছু বলবো না।
