চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাহাড়ী এলাকায় বন্যহাতির আক্রমণে কামাল হোসেন (৪৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ইকোপার্ক সংলগ্ন নইব্যার ঝিরি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কামাল উপজেলার চাম্বল ইউনিয়নের মহল্লাপাড়ার স্থায়ী বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন
বনবিভাগের জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ জানান, বাঁশখালী ইকোপার্কের অভয়ারণ্য এলাকায় কিছুদিন ধরে বন্যহাতি ফসলের ক্ষতি করছে।
শুক্রবার সকালে পাহাড় থেকে কাঠ আনতে বের হয়ে কুয়াশার কারণে হাতির অবস্থান টের না পেয়ে হাতির সামনে পড়ে যান কামাল।
এসময় হাতির আক্রমণে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। তার পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন করা হবে।
বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, নিহত কামালের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরীর পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
