back to top

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা মারা গেছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:০৮
[photo_card_and_fontsize]

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ১২ বছর বয়সী শিশু হুজাইফা আফনান আর নেই। দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থেকে আজ সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হুজাইফার চাচা শওকত আলী মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, সকালে চিকিৎসকেরা হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন। বর্তমানে মরদেহ ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় নিজ বাড়ির কাছে মিয়ানমারের ওপার থেকে আসা একটি গুলি হুজাইফার মাথায় বিদ্ধ হয়। সে স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে।

আহত হওয়ার পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চমেক হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছিলেন, হুজাইফার মস্তিষ্কের গভীরে গুলিটি এমনভাবে বিদ্ধ হয়েছিল যে তা বের করা সম্ভব ছিল না। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ১৩ জানুয়ারি ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।

টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েক সপ্তাহ ধরে জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছে। মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নিতে সরকারি বাহিনী বিমান হামলা ও ড্রোন হামলা জোরদার করেছে।