চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে পরিবেশবান্ধব উপায়ে কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও মিশর থেকে আগত ৫০ সদস্যের একটি ডেলিগেট টিম।
গতকাল শনিবার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন রোটারি ক্লাব অফ আগ্রাবাদ-এর মেডিকেল টিমসহ আগত বিদেশি প্রতিনিধিরা। পরিদর্শনকালে তারা ইয়ার্ডটির আধুনিক ব্যবস্থাপনা ও পরিবেশসম্মত ‘গ্রিন ইয়ার্ড’ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
ডেলিগেট টিমের সদস্যরা জানান, চট্টগ্রামের শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলো ধীরে ধীরে আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রিন ইয়ার্ডে রূপান্তরিত হচ্ছে। জাহাজের নিরাপদ ও পরিবেশগতভাবে টেকসই পুনর্ব্যবহার নিশ্চিত করতে হংকং আন্তর্জাতিক কনভেনশনের নির্দেশনা অনুসরণ করে বিভিন্ন ইয়ার্ড গ্রিন সনদ অর্জন করছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসাইন চৌধুরী, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২-এর অধীনে রোটারি ক্লাব অফ আগ্রাবাদের প্রাক্তন সভাপতি লতিফ আনোয়ার চৌধুরী, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সিইও ফেরদৌস ওয়াহিদ, সিওও আসাদুজ্জামান সাইমন, হাজ্বী মো. মহিউদ্দিন, ইয়ার্ড ম্যানেজার ইউসুফ আলী চৌধুরী, আল মানাহিল নর্চার জেনারেল হাসপাতালের ডা. এস. এন. কিবরিয়া, রোটারি ক্লাব অফ আগ্রাবাদের আরটিএন পিপি প্রকৌশলী প্রদীপ কুমার দত্ত পিএইচএফ, সাইফুদ্দিন আহমেদ পিএইচএফ, এস. এস. কেরামতুল আজিম এম পিএইচএফ বি, ইঞ্জিনিয়ার মো. জাফরফন আহমেদ, আবু জাফর এফপিএইচ আহমেদ, মোহাম্মদ আব্বাস উদ্দিন এবং আরটিএন মিজানুর রহমান খন্দকারসহ অন্যান্যরা।
