back to top

দুই শহীদের পরিবার ও হিন্দু পরিষদের নেতাদের নিয়ে ইশতেহার ঘোষণা ডা. নাছেরের

চট্টগ্রাম- ৮ আসনের জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:২৮
[photo_card_and_fontsize]

জুলাই বিপ্লবের শহীদ ওমর বিন নুরুল আবছার ও শহীদ মাহবুবুল হাসান মাসুমের পরিবার এবং হিন্দু পরিষদের নেতাদের নিয়ে ইশতেহার ঘোষণা করলেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. আবু নাছের।

আজ সোমবার রাতে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটাল এন্প সিগমা ল্যাবের কনফারেন্স হলে ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এই প্রার্থী।

আবু নাছেরের ইশতেহার ঘোষণার আগে বক্তব্য দেন শহীদ ওমর বিন নুরুল আবছারের মা রুবি আক্তার, শহীদ মাহবুবুল হাসান মাসুমের বড় ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান, হিন্দু পরিষদের নেতা ভুটান বিশ্বাস, পঙ্কজ শীল ও সুজন ভট্টাচার্য এবং বিআইটিআইডির সাবেক পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. বখতিয়ার আলম উপস্থিত ছিলেন।

ডা. আবু নাছের উন্নয়ন, সুশাসন ও সামাজিক সম্প্রীতিকে কেন্দ্র করে ইশতেহারে অবকাঠামো, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

ইশতেহারে দ্রুত কালুরঘাট সেতুর বাস্তবায়ন দৃশ্যমান করা এবং চান্দগাঁও, বোয়ালখালী ও পাঁচলাইশ-বায়েজিদ (আংশিক) এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন ডা. আবু নাছের। তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরি ও সময়মতো বেতন-ভাতা নিশ্চিত করার পাশাপাশি আন্তঃধর্মীয় সম্প্রীতি জোরদারে সব ধর্মাবলম্বীর নিরাপত্তা ও অধিকার সংরক্ষণের অঙ্গীকার করছি। এছাড়া জ্যৈষ্ঠপুরা এলাকায় পরিকল্পিত ইকো-ট্যুরিজম, গ্রামীণ সড়ক, কালভার্ট ও সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীতকরণ ও কমিউনিটি ক্লিনিক আধুনিকায়নে উদ্যোগ নেব।

এছাড়া ইশতেহারে বেকার যুবকদের জন্য কারিগরি শিক্ষা সম্প্রসারণ, উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের পাশাপাশি সরকারি অফিসে ঘুষ-হয়রানি বন্ধ এবং সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ আসন গড়ে তোলার অঙ্গীকার করা হয়।

শিল্পখাতে আমিন জুট মিলসহ বন্ধ কল-কারখানা পুনরায় চালু এবং কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশে ভাঙন রোধ করে পরিকল্পিত নগরায়ন ও শিল্পাঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতিও ইশতেহারে রয়েছে।

আইআইইউসির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ ওমর বিন নুরুল আবছারের ভাই আহমদ বিন নুরুল আবছার উপস্থিত ছিলেন।