চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এক্ষেত্রে সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও যোগাযোগ খাতে টেকসই উন্নয়নের অঙ্গীকার করেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় বারইয়ারহাটস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে মিরসরাইকে নিরাপদ, আধুনিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হয়।
ইশতেহার ঘোষণার শুরুতে নুরুল আমিন চেয়ারম্যান ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত মিরসরাই উপজেলার বীর সন্তানদের এসব আন্দোলন ও সংগ্রামে ছিল অসামান্য অবদান।
তিনি আরও বলেন, দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে তিনি মিরসরাইবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাজনীতির মাঠে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
নির্বাচিত হলে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক আধুনিকায়ন, মিরসরাইয়ের পর্যটন স্পটগুলো নিরাপদ ও আধুনিক করা, উন্নয়ন পরিকল্পনায় নাগরিক মতামত গ্রহণে উন্মুক্ত মতবিনিময় সভা আয়োজনের অঙ্গীকার করেন।
এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আইসিটি ল্যাব ও লাইব্রেরি স্থাপন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন ও খেলার মাঠ নির্মাণ, কৃষি কার্ড প্রদান, খাল-ছড়া খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, মহাসড়কে দুর্ঘটনায় আহতদের জন্য ট্রমা সেন্টার নির্মাণ, গ্রামীণ সড়ক অবকাঠামোর সুষম উন্নয়ন, পিছিয়ে পড়া নারী সমাজকে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, উপজেলা বিএনপির নেতা দিদারুল আলম মিয়াজী, অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি, ফখরুল ইসলাম এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রুবেলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সবশেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার আলোকে মিরসরাইকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, নিরাপদ ও স্বনির্ভর উপজেলা হিসেবে গড়ে তুলতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
