back to top

ভোটযাত্রা : চট্টগ্রামে বাস কাউন্টার ও রেল স্টেশনে ভিড়

ভোট দিতে বাড়ির পথে মানুষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৫৭
[photo_card_and_fontsize]

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে রয়েছে তিন দিনের ছুটি। ছুটিতে ভোট দিতে গ্রামে যাচ্ছে বহু মানুষ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন বাস কাউন্টার, রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে ঘরমুখো মানুষের জনস্রোত।

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলায় যাতায়াতের বাস চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় থেকে ছাড়ে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নগরীর অক্সিজেন বাস স্ট্যান্ডে সরেজমিন দেখা গেছে, বিপুলসংখ্যক মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছেন।

নুরুল আমিন নামে খাগড়াছড়ি জেলার এক বাসিন্দা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ইপিজেডে একটি পোশাক কারখানায় চাকরি করি। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট। এ কারণে পরিবার-পরিজন নিয়ে ভোট দেওয়ার জন্য গ্রামের বাড়িতে যাচ্ছি। সকাল ৮টা থেকে স্টেশনে এসে অপেক্ষা করছি। একসঙ্গে অনেক মানুষ বাড়ি যাচ্ছে, এ কারণে স্বাভাবিকের চেয়ে যানবাহনের কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। এ সংকটকে পুঁজি করে কোনও কোনও যানবাহন বাড়তি ভাড়া আদায় করছে। যদিও কাউন্টারে টিকিট বিক্রির দায়িত্বে থাকা লোকজন বাড়তি ভাড়া আদায়ের কথা অস্বীকার করছেন।’

এ ছাড়াও ঘরমুখো লোকজনের ভিড় লক্ষ করা গেছে নগরীর দামপাড়া, কর্নেলহাট, একে খান, অলংকার, বাস টার্মিনাল, এক কিলোমিটারসহ অন্যান্য স্টেশনের বাস কাউন্টারগুলোতেও।

বাস কাউন্টারের চেয়ে বেশি ভিড় দেখা গেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। সকাল থেকে সব কয়টি ট্রেনে ছিল অতিরিক্ত যাত্রী।

এ প্রসঙ্গে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, ‘চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে স্বাভাবিকের চেয়ে আজ সকাল থেকে বেশি যাত্রী ছিল। বিকালের ট্রেনগুলোতে যাত্রী সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছি।’

চট্টগ্রাম স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর আমান উল্লাহ বলেন, ‘চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যেন আজ সকাল থেকে ঈদের আমেজ বিরাজ করছে। সকাল থেকে চট্টগ্রাম স্টেশন থেকে যেসব ট্রেন ছেড়ে গেছে সবগুলোতে অতিরিক্ত যাত্রীর ভিড় লক্ষ করা গেছে। কয়েকটি ট্রেন ইঞ্জিন সংকটের কারণে নির্ধারিত সময়ের পরে ছেড়ে গেছে।’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার নির্বাহী আদেশে তিন দিনের ছুটি ঘোষণা করেছে। ওই আদেশ অনুযায়ী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সরকারি ছুটি থাকবে এবং শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি বহাল থাকবে।