ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ ছাইফুর রহমান ২২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মিরসরাই পৌরসভার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে মিরসরাই উপজেলায় চাঁদাবাজি, চুরি, লুটপাট, দখল ও ডাকাতি সম্পূর্ণরূপে বন্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, বাজার ও সড়কে সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন তিনি।
বেকারত্ব নিরসনে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ন্যূনতম ২৫ শতাংশ স্থানীয়দের চাকরির নিশ্চয়তা, ছয়টি ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও দুটি টেকনিক্যাল স্কুল-কলেজ প্রতিষ্ঠা, ডিজিটাল ল্যাব ও ভাষা শিক্ষা ইনস্টিটিউট গঠন এবং তরুণদের জন্য স্টার্টআপ ফান্ড ও ইনকিউবেশন সেন্টার তৈরির পরিকল্পনা তুলে ধরেন। ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ এবং সহজ কিস্তিতে কর্মজীবীদের যাতায়াত সহায়তার কথাও বলেন।
শিক্ষা খাতে শিক্ষক সংকট নিরসন, অবকাঠামো উন্নয়ন, কওমী ও আলিয়া মাদ্রাসায় বাজেট বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারের ঘোষণা দেন তিনি।
অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও সম্প্রসারণ, শতভাগ বিদ্যুতায়ন, নতুন রাস্তা ও সেতু নির্মাণ এবং গ্রামীণ সড়কের সঙ্গে মহাসড়কের সংযোগ স্থাপনের প্রতিশ্রুতি দেন। পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে “মিরসরাই উন্নয়ন কর্তৃপক্ষ” গঠনের প্রস্তাবের প্রতি সমর্থন জানান।
মিরসরাইকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে মুহুরী প্রজেক্ট, ডোমখালী সমুদ্র সৈকত, মহামায়া সেচ প্রকল্প, খৈয়াছড়া ও রূপসী ঝর্ণাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র উন্নয়ন ও নিরাপদ করার কথা বলেন।
নাগরিক সেবাকে সহজ ও আধুনিক করতে এনআইডি, জন্ম-মৃত্যু নিবন্ধন, ভূমি সেবা, পুলিশ ক্লিয়ারেন্স, স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম সহজলভ্য করার অঙ্গীকার করেন। বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু স্বাস্থ্যসেবা, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি এবং নারীর কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনাও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।
দুর্নীতি প্রতিরোধে ই-টেন্ডারিং ও ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং “ঘুষ নেব না, ঘুষ দেব না” সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, সার্বক্ষণিক ডাক্তার উপস্থিতি ও কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নের প্রতিশ্রুতিও দেন।
প্রযুক্তি খাতে ২ হাজার দক্ষ আইটি প্রফেশনাল তৈরি, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, উচ্চগতির ইন্টারনেট নিশ্চিতকরণ এবং কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ ও ন্যায্যমূল্য নিশ্চিতে উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি নদী-খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত, আধুনিক স্টেডিয়াম নির্মাণ, প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন, মৎস্য ও শ্রমিক কল্যাণ, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নও ইশতেহারের অন্তর্ভুক্ত রয়েছে।
এডভোকেট মোঃ ছাইফুর রহমান বলেন, মিরসরাইকে একটি নিরাপদ, আধুনিক ও কর্মসংস্থানমুখী উপজেলায় রূপান্তর করাই আমার লক্ষ্য। জনগণের দোয়া ও সমর্থন পেলে এই ২২ দফা বাস্তবায়নে কাজ করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।
