back to top

মিরসরাইয়ে সরঞ্জাম সংগ্রহকালে অজ্ঞান প্রিজাইডিং কর্মকর্তা

চমেক হাসপাতালে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:১৮
[photo_card_and_fontsize]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটকেন্দ্রের সরঞ্জাম সংগ্রহ করতে এসে এক প্রিজাইডিং কর্মকর্তা হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলা জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। অসুস্থ প্রিজাইডিং কর্মকর্তার নাম বরুণ কান্তি সাহা। তিনি মিরসরাই কলেজের প্রভাষক এবং আবুরহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

জানা গেছে, বুধবার দুপুরে বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম গ্রহণের জন্য সম্মেলন কক্ষে উপস্থিত হন। সরঞ্জাম বিতরণের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য চলাকালে হঠাৎ বরুণ কান্তি সাহা চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান।

এসময় উপস্থিত কর্মকর্তারা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাইয়ের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, প্রিজাইডিং কর্মকর্তাদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার সময় বরুণ কান্তি সাহা অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, তার স্থলে আবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাবলু বড়ুয়া নামে আরেকজনকে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।