back to top

মিরসরাইয়ে কোন কেন্দ্রে ভোট প্রদান করবেন বিএনপি–জামায়াতের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০৭
[photo_card_and_fontsize]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ১০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজার ৭৬৭ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৩৩১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। মোট ১০৬টি ভোটকেন্দ্রে ৭১৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান সকাল ৮টায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১২০ জন। ওসমানপুর ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৫ হাজার ১১৪ জন।

নুরুল আমিন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জয়-পরাজয় নির্ধারিত হবে। দীর্ঘ দেড় যুগ পর জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে তিনি ভোটারদের উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। বিজয়ী হলে স্বনির্ভর ও নিরাপদ মিরসরাই গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

অপরদিকে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান সকাল ১০টায় মিঠানালা কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৬০৭ জন। সংশ্লিষ্ট ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২৩ হাজার ৩৩১ জন।

তিনি জানান, নিজ কেন্দ্রে ভোট দেওয়ার আগে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটারদের সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে পুরো আসনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।