চট্টগ্রাম নগরীর শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি বৃহস্পতিবার সকাল থেকেই ছিল উৎসবমুখর। ভোটারদের দীর্ঘ লাইনের মাঝে সবার নজর কাড়েন আশির্ধ্ব রহিমা খাতুন। হুইলচেয়ারে বসে ভোট দিতে কেন্দ্রে আসেন তিনি। পাশে নাতনি নাসিমা বেগম, আর পেছন থেকে হুইলচেয়ার ঠেলছেন ছেলে ডা. ওয়াহিদ মুরাদ।
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনের এই কেন্দ্রটিতে পরিবারের পাঁচজন ভোটার একসঙ্গে ভোট দিতে এসেছেন। রহিমা খাতুন জানান, ১৯৮৬ সালে প্রথমবার ভোট দেন তিনি। দীর্ঘ বিরতির পর এবার আবার ভোট দিতে পেরে তার আনন্দের সীমা নেই।
রাহিমা খাতুন বলেন, ভোটের এই উৎসবমুখর পরিবেশ দেখে বাসায় থাকতে পারিনি। ১৯৮৬ সালে স্বামী হাত ধরে ভোট দিয়েছিলাম। এবার ছেলে-নাতনিরা নিয়ে এসেছে। ভোট দিতে পেরে খুব খুশি।
তার ছেলে ডা. ওয়াহিদ মুরাদ বলেন, আমি সর্বশেষ ২০০৮ সালে ভোট দিয়েছিলাম। প্রায় ১৭ বছর পর আবার পরিবারসহ ভোট দিলাম। মাকেও নিয়ে এসেছি। ভোটের এই উৎসব যেন আগামীতেও বজায় থাকে।
সকাল থেকেই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ১২টি বুথে সকাল সাড়ে ১১টা পর্যন্ত পড়ে ৭৬৮টি ভোট। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২০১ জন।
প্রিসাইডিং অফিসার শরীফুল ইসলাম জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
