back to top

সীতাকুণ্ডে ৯ কোটি টাকার ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:৪০
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এস এ পরিবহনের একটি কাভার্ডভ্যান আটক করে এসব পণ্য উদ্ধার করা হয়। আজ সোমবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে রবিবার রাতে কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।