মিরসরাই উপজেলায় বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি মামলায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের মিঠানালা বাজার, সদর ইউনিয়ন এবং মিরসরাই পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ওজনে কম দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ৮ জন ব্যবসায়ীর কাছ থেকে মোট ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ঘটনায় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
মোবাইল কোর্ট চলাকালে আসন্ন রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীদের পরিমিত মুনাফায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানোর জন্য সতর্ক করা হয়।
অভিযানে পুলিশ বিভাগ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
