ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পরও বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার, ফেস্টুন ও ব্যানার এখনো বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলতে দেখা যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের বিভিন্ন স্থান, বারইয়ারহাট ও জোরারগঞ্জসহ একাধিক এলাকায় নির্বাচনী প্রচারণার ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচন শেষ হলেও এখনো বৈদ্যুতিক খুঁটি, গাছ ও দেয়ালে এসব পোস্টার টানানো রয়েছে। এতে পরিবেশের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি জনদুর্ভোগও সৃষ্টি হচ্ছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি অনুযায়ী, ফলাফল গেজেট প্রকাশের তারিখ থেকে ৭ দিনের মধ্যে প্রার্থীদের নিজ উদ্যোগে সব প্রচার সামগ্রী অপসারণের বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের গেজেট ১৩ ফেব্রুয়ারি রাতে প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের ১০ দিন অতিক্রান্ত হলেও এখনো অপসারণ করা হয়নি নির্বাচনী পোস্টার, ব্যানার ও বিলবোর্ড।
আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রচার সামগ্রী অপসারণ না করলে সম্ভাব্য শাস্তি হতে পারে- সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড।
এ ছাড়া নির্বাচন কমিশন প্রয়োজনে সংশ্লিষ্ট প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিতে পারে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রচার সামগ্রী অপসারণের ব্যবস্থা নিতে পারে।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এ আসনে বিজয়ী হয়েছেন। তাঁর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী বলেন, আইনে যদি ৭ দিনের মধ্যে প্রচার সামগ্রী অপসারণের নিয়ম থাকে, তবে দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, তাঁদের কর্মীরা এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি। তবে দ্রুত সময়ের মধ্যে প্রচার সামগ্রী অপসারণ করা হবে।
মিরসরাই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের পর ৭ দিনের সময়সীমা ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের নিজ দায়িত্বে প্রচার সামগ্রী অপসারণ করার কথা। দ্রুত অপসারণে সংশ্লিষ্টদের আবারও অবহিত করা হবে।
