চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কুমিরা, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড, গুলিয়াখালীসহ বিভিন্ন সমুদ্র তীরবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০টি প্রতিষ্ঠান ও জলযানের বিরুদ্ধে সাড়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি এবং সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, উপকূলীয় পরিবেশ রক্ষা ও অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে ব্যবহৃত সকল সরঞ্জাম জব্দ, সংশ্লিষ্টদের কারাদণ্ড এবং প্রযোজ্য ক্ষেত্রে ইজারা শর্ত ভঙ্গের দায়ে ইজারা বাতিল করা হবে
