চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ‘বারকোড’ ও ‘মিঠাই’ নামে দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে মুরাদপুর এলাকার ‘বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারি (কিচেন)’ প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, স্যাঁতসেঁতে মেঝে, ভাঙা ও অপরিচ্ছন্ন টাইলসের মধ্যে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে। নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণ, ফ্রিজের ভেতরে তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি, এমনকি রান্নাঘরে বিড়ালের অবাধ বিচরণও লক্ষ্য করা যায়। খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণে গাফিলতির প্রমাণও পাওয়া যায়। এ ছাড়া ঘি পণ্যের লেবেলিং নির্ধারিত নিয়ম অনুসারে করা হয়নি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করা হয়নি।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।
একই দিনে পাঁচলাইশ এলাকায় ‘মিঠাই’ নামে একটি আউটলেটেও অভিযান পরিচালিত হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মোড়কজাত, সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি খাদ্যপণ্যে অসম্পূর্ণ লেবেলিংসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫২ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পাঁচলাইশ থানা, সিএমপির একটি টিম সহযোগিতা করেন।
#০১.০৩.২৬
