চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বাসনালি কেটে শিশু জান্নাতুল নেসা ইরার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। গতকাল বুধবার কুমিরা এলাকায় নিহত শিশু ইরার পরিবারের খোঁজখবর শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে শোকাহত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
প্রতিমন্ত্রী এই ঘটনাকে একটি নৃশংস ও জঘন্য অপরাধ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অবগত আছেন এবং তিনি গভীরভাবে ব্যথিত। বিচার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, তা করা হবে।
অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে জানিয়ে মীর হেলাল বলেন, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনার পুনরাবৃত্তি করার সাহস না পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা আমাদের সবাইকে মানসিকভাবে আঘাত করেছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং থাকবো।
শিশু-কিশোরদের নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তারা যেন নিরাপদে খেলাধুলা করতে পারে এবং স্বাভাবিক শৈশব-কৈশোর কাটাতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
গত সোমবার সীতাকুণ্ড ইকোপার্কে শ্বাসনালি কাটা অবস্থায় ইরাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরেরদিন মঙ্গলবার ভোরে হাসপাতালের আইসিইউতে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় বাবু শেখ ওরফে মাহবুব আলম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মাহবুব তাকে গলা কেটে হত্যাচেষ্টা করা হয়।
