back to top

‘অভিমানে’ বিএনপির ইফতারে অংশ নেননি মেয়র শাহাদাত

ব্যানারে প্রতিমন্ত্রী মীর হেলালের নাম উপরে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬ ০৮:১৩
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ‘অভিমান’ করে অংশ নেননি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। জানা গেছে, ইফতার মাহফিলের ব্যানারে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নাম উপরে থাকায় ডা. শাহাদাত হোসেন অনুষ্ঠানটিতে অংশ নেননি। দলীয় সূত্রে এমন তথ্য উঠে এসেছে, যা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা চলছে।

গত ৬ মার্চ (শুক্রবার) নগরীর ওয়াসা মোড়ে অবস্থিত জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপি মেজবানি ইফতারের আয়োজন করে। প্রায় ১০ হাজার নেতাকর্মীর জন্য এই ইফতারের আয়োজন করা হয়। যেখানে ৮টি গরু জবাই করা হয় এবং অনুষ্ঠানের মোট ব্যয় ছিল প্রায় ৩০ লাখ টাকা- আয়োজক সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।

মূল অতিথি হিসেবে মীর হেলাল, বিশেষ অতিথি ডা. শাহাদাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর। তবে তিনি উপস্থিত না থাকায় অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল ডা. শাহাদাত হোসেনেরও। কিন্তু তিনি অনুষ্ঠানে আসেননি।

এছাড়া, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যদিও ডা. শাহাদাত অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও, তিনি নগরীর পাঁচলাইশের চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে যোগ দেন।

দলীয় সূত্রে অভিযোগ: মীর হেলালের নাম উপরে থাকায় অভিমান

নগর বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে জানান, বিশেষ অতিথি হিসেবে মীর হেলালের নাম উপরে থাকায় ডা. শাহাদাত হোসেন অভিমান করে অনুষ্ঠানটি এড়িয়ে গেছেন। তার মতে, ডা. শাহাদাত যদি ইচ্ছা করতেন, তবে তিনি কিছুক্ষণ সময় দিয়ে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারতেন, তারপর ড্যাবের ইফতারে চলে যেতে পারতেন।

এ বিষয়ে জানতে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি।