back to top

মিরসরাইয়ে আ’লীগের ৫ নেতাকর্মীর জামিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ২৩:০৩
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ থাকায় ৫ আগস্ট পরবর্তী সময়ে পরিচালিত “ডেভিল হান্ট ফেজ–টু” অভিযানের সময় বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম আদালতে আসামিদের জামিন আবেদন করা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- ১৪নং হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, ১৬নং সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলা উদ্দিন, ১১নং মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন মেম্বার, ১৩নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও ৯নং মিরসরাই সদর ইউনিয়নের মহিলা মেম্বার শামিমা আক্তার সাথী।

জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এ বিষয়ে কেন্দ্রীয় বাংলাদেশ যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ঈদের আগে যেন তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন সে জন্য আইনজীবীদের সর্বোচ্চ চেষ্টা করতে বলা হয়েছিল। অবশেষে তারা মুক্তি পেয়েছেন, যা আমার জন্য আনন্দের।