back to top

মিরসরাইয়ে বৃদ্ধ নিবাস ও ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১৩:১২
[photo_card_and_fontsize]

মিরসরাই উপজেলার দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারে বৌদ্ধ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বৃদ্ধ নিবাস ও ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহার সেবা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, ব্যবসায়ী জামসেদ আলম, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আশরাফ উদ্দিন, কৃষিবিদ পুষ্পেন্দু বড়ুয়া ও প্রভাষক বাবলু বড়ুয়া।

অনুষ্ঠানে মুসলিম, হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, মশারি ও কম্বল বিতরণ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধসহ সকল ধর্মের মানুষ জন্মসূত্রে এ দেশের নাগরিক এবং তাদের সমান অধিকার রয়েছে। সরকার সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে। ইমাম, পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষুদের জন্য মাসিক ভাতা চালু করা হয়েছে, যা রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতিফলন।

তিনি আরও বলেন, মিরসরাই উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ যেখানে উন্নয়ন প্রয়োজন, তা বাস্তবায়ন করা হবে। সকল নাগরিক যাতে সমানভাবে রাষ্ট্রীয় সুবিধা পায়, তা নিশ্চিত করা হবে।