back to top

দৌলতদিয়ায় ফেরিঘাটে বাস নদীতে পড়ে নিহত ২৬, বেঁচে ফেরা যাত্রীদের হৃদয়বিদারক বর্ণনা

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১৫:১১
[photo_card_and_fontsize]

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় বেঁচে ফেরা যাত্রীদের বর্ণনায় উঠে এসেছে আতঙ্ক আর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার বিভীষিকাময় অভিজ্ঞতা।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা যাত্রী মোহাম্মদ রাজীব সরদার বলেন, বাস পানিতে পড়ার পর জানালা ধরে বের হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু ভেতরে দ্রুত পানি ঢুকে স্রোত তৈরি হওয়ায় তিনি ভেসে যান। “কিভাবে যে বের হয়েছি, আল্লাহই জানেন,” বলেন তিনি।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটির সব আসনেই যাত্রী ছিল। ফেরিতে উঠতে না পেরে বাসটি পন্টুনের সামনে অপেক্ষা করছিল। হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
রাজবাড়ী জেলা প্রশাসন জানায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নারী ও শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতদের বেশিরভাগই কুষ্টিয়ার কুমারখালী ও রাজবাড়ীর বিভিন্ন এলাকার বাসিন্দা। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। ফলে নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
বেঁচে যাওয়া আরেক যাত্রী আব্দুল আজিজ জানান, তিনি তার গর্ভবতী স্ত্রী, সন্তান ও এক আত্মীয়কে নিয়ে ঢাকায় ফিরছিলেন। তিনি প্রাণে বাঁচলেও তার তিন স্বজন এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এদিকে, দুর্ঘটনার পর থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফায়ার সার্ভিস, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বুধবার বিকেলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস পদ্মা নদীতে পড়ে যায়। প্রায় ছয় ঘণ্টা পর বাসটি উদ্ধার করা হয়।
প্রশাসন জানিয়েছে, কেউ নিখোঁজ রয়েছে এমন তথ্য পাওয়া গেলে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হবে।