চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় এ পর্যন্ত মোট ২০ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও জেলা পুলিশ। এর মধ্যে র্যাবের অভিযানে ১৩ জন এবং পুলিশের অভিযানে ৭ জনকে আটক করা হয়।
র্যাব-৭ চট্টগ্রাম সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালানোর সময় দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় চারজন র্যাব সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ-এ নেওয়া হলে ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং জাতীয় পর্যায়ে বিষয়টি আলোচিত হয়।
এ ঘটনায় র্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করে, যেখানে ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটির নম্বর ২৪, তারিখ ২২ জানুয়ারি ২০২৬। মামলায় দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে পলাতক আসামিদের গ্রেফতার করা হয়। সাম্প্রতিক অভিযানে ২০২৬ সালের মার্চ মাসে নোয়াখালী, চট্টগ্রাম মহানগরী ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজন আসামিকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানকে এলাকাবাসী স্বাগত জানালেও জঙ্গল সলিমপুর এলাকায় এখনও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
