back to top

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের হত্যার অভিযোগ

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১১:৩৯
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জিন্নাত আরা ঝিনুক (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ হেডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ঝিনুক ওই এলাকার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী। তাঁদের সাত মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক ও আর্থিক বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল বলে জানা গেছে।
নিহতের স্বামী ওমর ফারুক জানান, আর্থিক সংকটের কারণে স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক রাখা হয়েছিল। সেই স্বর্ণ ফেরত আনা নিয়ে স্ত্রীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। রোববার সকালে তিনি বাইরে যাওয়ার পর ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে তাকিয়ে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে তাকে নামান।
তবে নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়; বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে ঝিনুকের ওপর নির্যাতন চলছিল। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ঝিনুককে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে।