চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী। বুধবার (১ এপ্রিল) তিনি সিএমপির ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি বিদায়ী কমিশনার হাসিব আজিজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন।
দায়িত্ব নেওয়ার পর লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন হাসান মো. শওকত আলী। সেখানে তিনি কর্মকর্তাদের ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেন।
নতুন কমিশনার নগরের সার্বিক নিরাপত্তা জোরদার, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে দায়িত্বে ছিলেন।
