back to top

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ

পথে আরও দুটি জাহাজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬ ১৩:১১
[photo_card_and_fontsize]

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘এমটি ইউয়ান জিং হে’। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজ। গতকাল শুক্রবার দুপুরে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে আনা হয়।

বিপিসি সূত্রে জানা গেছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনে থাকা তেল, গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘ইউয়ান জিং হে’ নামের জাহাজটি শুক্রবার ভোরে বহির্নোঙরে এসে পৌঁছে। এটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিং করেছে। রাতে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ ছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে আরেক একটি জাহাজ শনিবার আসার কথা রয়েছে বলেও জানান রেফায়েত হামিম।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চে জ্বালানি নিয়ে ৩৩টি জাহাজ ভিড়েছিল বন্দরে। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, আটটি জাহাজ এলএনজি নিয়ে ও নয়টি জাহাজ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে এসেছিল।