চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইকোনমিক জোন এলাকায় অবৈধভাবে ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) বেপজা গেইট সংলগ্ন ৩০০ ফিট সড়ক এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ও ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে মোহাম্মদ শাহ জালালকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন কাদের ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় সহযোগিতা করেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান , আমরা গোপন তথ্যের ভিত্তিতে খোঁজ পেয়ে উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহ জালাল তার দোকানে অবৈধভাবে প্রায় ২৫০ লিটার ডিজেল মজুদ করে রাখেন। এ সময় দোকানে থাকা ২টি ড্রাম ও কিছু খুচরা বোতলে সংরক্ষিত এসব ডিজেল বিভিন্ন প্রতিষ্ঠান, এক্সকাভেটর, ট্রাক, জেনারেটরসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে অর্থদণ্ড প্রদান করে।
এ ধরনের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
