back to top

চট্টগ্রামে সন্ত্রাসী দু’পক্ষের গুলিতে শিশুসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬ ০৩:৪৪
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১২ বছর বয়সী এক শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছে ফাহিম (১২), মো. হাসান, জসিম ও ইসমাইল মিয়া। ফাহিম স্থানীয় পশ্চিম পাড়ার বাসিন্দা মো. কালামের ছেলে। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, ফাহিমের হাঁটুর অংশে গুলির আঘাত লেগেছে। তার অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে, তবে বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে সংঘর্ষ বাধে। এ সময় এক পক্ষ প্রতিপক্ষকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়, এতে সাধারণ মানুষও আহত হয়।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, সংঘর্ষে শিশুসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে জড়িতদের মধ্যে মোরশেদ খানের অনুসারী এবং প্রতিপক্ষ আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীরা রয়েছে। মোরশেদ খান নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন এবং নগর পুলিশের ৩০০ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম রয়েছে।

পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া জানান, ঘটনার পর অভিযান চালিয়ে ফারুক হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি শর্টগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের আগেই তিনি পালিয়ে যান।