back to top

চসিকের চুক্তি ভঙ্গ করে বাণিজ্যিক ভবনে গার্মেন্টস কারখানা

তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬ ১২:২৪
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ ২৩ নম্বরে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত বহুতল বাণিজ্যিক ভবনে অনুমোদনবিহীনভাবে গার্মেন্টস কারখানা স্থাপনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল সোমবার চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৬) প্রণয় চাকমাকে। সদস্য সচিব হিসেবে রয়েছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৪) রক্তিম চৌধুরী এবং সদস্য হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যাকে রাখা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেচেন চসিকের উপ-সচিব আজিজ আহমদ।

চসিক সূত্রে জানা গেছে, আগ্রাবাদের ওই ভবনটি ৩২ শতক জমির ওপর বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত হয়, যার ব্যয় ছিল ৪৩ কোটি ১৬ লাখ টাকা। ২০২৩ সালের ১ ডিসেম্বর ভবনটি বাণিজ্যিক ব্যবহারের জন্য ‘ফারজানা ফ্যাশন ওয়ার্ল্ড লিমিটেড’-এর কাছে ভাড়া দেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম চুক্তির শর্ত ভঙ্গ করে সেখানে ‘দি শাহাজালাল গ্লোবাল অ্যাপারেলস লিমিটেড’ নামে পৃথক একটি গার্মেন্টস কারখানা গড়ে তুলেছেন, যার সঙ্গে চসিকের কোনো চুক্তি নেই।

চুক্তি অনুযায়ী, করপোরেশনের অনুমতি ছাড়া ভবনটি তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করার সুযোগ ছিল না। এ অবস্থায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে চসিক।