চট্টগ্রামের চন্দনাইশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে কর্নেল অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির অভিযোগ, একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে; যা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
এ ঘটনায় অলি আহমদের ছেলে ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক বিএনপির মহাসচিবের কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে আবেদন করেছেন। গতকাল রবিবার পাঠানো ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, গত ৪ এপ্রিল চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় আয়োজিত কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ এনে অলি আহমদের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়া হয় এবং তাঁকে ‘রাজাকার’ বলা হয়। একই সঙ্গে এলডিপির স্থাপনায় হামলার হুমকি এবং তাঁর নিজের ছবি সম্বলিত বিলবোর্ড ভাঙচুরের অভিযোগও তোলা হয়।
চিঠিতে ওমর ফারুক চারটি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চান। এর মধ্যে রয়েছে- অলি আহমদের কোন বক্তব্যকে কটূক্তি বলা হয়েছে, সেই বক্তব্যের প্রেক্ষাপট কী, এমন কর্মসূচির দলীয় অনুমোদন ছিল কি না এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এ কর্মসূচিকে সমর্থন করে কি না। তিনি সতর্ক করে বলেন, অভিযোগ প্রমাণিত না হলে তা মানহানি ও জনশৃঙ্খলা বিঘ্নের শামিল হতে পারে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে এলডিপি প্রার্থী ওমর ফারুক অল্প ব্যবধানে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন। অলি আহমদ একসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং ২০০৬ সালে দলত্যাগ করে এলডিপি গঠন করেন।
