বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে অভিনন্দন ও শুভেচ্ছ জানিয়েছেন দৈনিক চট্টগ্রামের সম্পাদক ও প্রকাশক এবং ওসেন এইড সার্ভিসেস লিমিটেডের পরিচালক এ এইচ এম ফাঈমুল আলম (এফসিএ)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে ফাঈমুল আলম বলেন, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের গর্ব এবং দেশের অন্যতম সফল ওপেনার। তার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটার বিসিবির দায়িত্বে আসায় বাংলাদেশে ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং মাঠের বাস্তব জ্ঞান তাকে এই দায়িত্ব পালনে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ, ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক দল গঠনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে।
ফাঈমুল আলম তার বিবৃতিতে আরও বলেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে একজন সাবেক সফল ক্রিকেটারের সম্পৃক্ততা সময়োপযোগী পদক্ষেপ। এতে খেলোয়াড়দের বাস্তব সমস্যা ও চাহিদা বোঝা সহজ হবে এবং নীতিনির্ধারণে তা ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি তামিম ইকবালের সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিদ্যমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। একই সঙ্গে বোর্ড পরিচালনার জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যা আপাতত বিসিবির কার্যক্রম পরিচালনা করবে। এই আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় তামিম ইকবালকে।
এদিকে, ক্রিকেট অঙ্গনে এ সিদ্ধান্ত ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মাঠের অভিজ্ঞতা সম্পন্ন একজন সাবেক ক্রিকেটারের নেতৃত্বে বিসিবি নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে এবং দেশের ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন আসবে।
