মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এলাকায় একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বর্তমান মিরসরাইয়ের রাজনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে দৈনিক চট্টগ্রাম-এর পক্ষ থেকে নেওয়া একান্ত সাক্ষাৎকার তুলে ধরা হলো।
জীবন ও শিক্ষা
আবদুল আউয়াল চৌধুরী ১৯৫৯ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম সিরাজউদ্দোলা চৌধুরী এবং মাতা মরহুমা জাহেরা খাতুন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৭৫ সালে হাইতকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে নিজামপুর কলেজে ভর্তি হয়ে ছাত্ররাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করেন।
রাজনৈতিক জীবন
অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালেই রাজনীতিতে যুক্ত হয়ে ধীরে ধীরে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (২০১৫–২০২২), সমাজকল্যাণ সম্পাদক (২০০০–২০০১), ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক (১৯৯১–২০০০), আহ্বায়ক কমিটির সদস্য (২০২২–২০২৪) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া মিরসরাই উপজেলা বিএনপির অর্থ সম্পাদক (১৯৮১–১৯৯১), সাধারণ সম্পাদক (১৯৯৯–২০০১), আহ্বায়ক (২০০৭–২০০৮) এবং হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (১৯৮১–১৯৯১) ও সভাপতি (১৯৯১–২০০০) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি (১৯৭৯–১৯৮৪) ছিলেন।
সামাজিক ও সেবামূলক কার্যক্রম
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথেও যুক্ত আছেন তিনি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক (২০০২–২০০৯), সিপিপি মিরসরাই উপজেলা টিম লিডার (২০০১–২০০২), হাইতকান্দি ইউনিয়ন সিপিপি টিম লিডার (১৯৯১–২০০০) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, মিরসরাই সমিতি চট্টগ্রামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আজীবন সদস্য। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষা উন্নয়নেও ভূমিকা রাখছেন।
সাক্ষাৎকার
প্রশ্ন: আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কেমন?
উত্তর: ছাত্রজীবন থেকেই মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। দীর্ঘ সময় ধরে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি। জনগণের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য ছিল এবং এখনো আছে।
প্রশ্ন: বর্তমান মিরসরাইয়ের রাজনৈতিক পরিস্থিতি আপনি কীভাবে দেখছেন?
উত্তর: মিরসরাইয়ের রাজনীতি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। রাজনৈতিক সচেতনতা বেড়েছে, তবে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও বৃদ্ধি করা প্রয়োজন।
প্রশ্ন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কী?
উত্তর: সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে। তবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ও শক্তিশালী নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হবে।
প্রশ্ন: ভবিষ্যতে মিরসরাইয়ের উন্নয়ন নিয়ে আপনার পরিকল্পনা কী?
উত্তর: মিরসরাইকে একটি আধুনিক, পরিকল্পিত ও শিল্পসমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা জরুরি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। বিশেষ করে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এখন সময়ের দাবি।
প্রশ্ন: জনগণের প্রত্যাশা সম্পর্কে আপনার মতামত কী?
উত্তর: জনগণ এখন উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা চায়। তারা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায়। একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের এই প্রত্যাশা পূরণে কাজ করাই আমার অঙ্গীকার।
প্রশ্ন: আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়ন কী?
উত্তর: রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা। আমি মিরসরাইয়ের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।
মুখোমুখি➤ আবদুল আউয়াল চৌধুরী, আহবায়ক: মিরসরাই উপজেলা বিএনপি
মিরসরাইয়ের রাজনীতি, আইনশৃঙ্খলা ও উন্নয়ন ভাবনা
নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ১৪:০৭
[photo_card_and_fontsize]
