চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় দুটি গাড়ি জব্দ এবং শাহানুর আলী ওরফে রুবেল (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ ভোররাতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নাইট ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ৭নং কাটাছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম কাটাছড়া এলাকায় নুরুল হকের বাড়ির সামনে পাকা রাস্তার পাশের ধানী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার ঘটনা শনাক্ত করা হয়।
অভিযানকালে আসামিরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া একটি মাটি ভর্তি মিনি পিকআপ ও একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত গাড়ি দুটিতে আনুমানিক ১৫০ ঘনফুট মাটি পাওয়া যায়।
এ ঘটনায় ফিরোজ (৪১), জয় (২৪)সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি পালিয়ে গেলেও শাহানুর আলী ওরফে রুবেল (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, আসামীদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় রুজু করা হয়েছে।
