চট্টগ্রামের মিরসরাইয়ে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মিনহাজ উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিণা রহমান লীনা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল হক,
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ও মেডিকেল অফিসার (এমসিএইচ) ডা:মো: নাজমুল হোসাইন, , মিরসরাই থানার সাব-ইন্সপেক্টর মোঃ শরিফ এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তৌহিদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় আরো উপস্থিত ছিলেন এমটি(ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক (সকল),সহকারী স্বাস্থ্য পরিদর্শকগন।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কর্মদিবসে মিরসরাই উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। এর মধ্যে ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৮ দিন কমিউনিটি পর্যায়ে কার্যক্রম চলবে।
এ ক্যাম্পেইনে উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫৩ হাজার ৭৭৫ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৬ হাজার ৭১৮ জন এবং কমিউনিটিতে ৪৭ হাজার ৫৭ জন শিশু রয়েছে।
ক্যাম্পেইন বাস্তবায়নে উপজেলার ১৬টি ইউনিয়নের ৪৮টি ওয়ার্ডে ৩৮৪টি অস্থায়ী ইপিআই সেন্টার এবং ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এতে ৬৯ জন স্বাস্থ্য সহকারী টিকাদান কার্যক্রমে অংশ নেবেন। তদারকির দায়িত্বে থাকবেন ৪৮ জন প্রথম সারির সুপারভাইজার এবং সহায়তায় থাকবেন ৯৬ জন স্বেচ্ছাসেবক।
সভায় আরও জানানো হয়, ক্যাম্পেইনকে সফল করতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১২ এপ্রিল মাইক্রোপ্ল্যান ও ম্যাপিং প্রস্তুত সভা, ১৩-১৫ এপ্রিল টিকাদানকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ, ১৬ এপ্রিল ডাক্তার-নার্সদের এইএফআই সার্ভিলেন্স বিষয়ক ওরিয়েন্টেশন, ১৬-১৯ এপ্রিল স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ এবং শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি নেতাদের ওরিয়েন্টেশন।
এছাড়া ক্যাম্পেইন চলাকালীন সময়ে নিয়মিত সমন্বয় সভা ও ৬টি সন্ধ্যাকালীন রিভিউ সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
সভায় বক্তারা বলেন, হাম-রুবেলা নির্মূলে এ ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিরসরাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলে সমন্বয় সভা
২০ এপ্রিল থেকে ১০ মে হাম - রুবেলা টিকাদান ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ১০:২৭
[photo_card_and_fontsize]
