এসএসসি পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে ২৯ হাজার ৫৪২ জন শিক্ষার্থী অংশ নিতে পারছে না। রেজিস্ট্রেশন করলেও, পরীক্ষার আগেই ঝরে গেছে তারা। এই তালিকায় পাহাড়ি প্রত্যন্ত এলাকার পরীক্ষার্থী বেশি।
বোর্ড সূত্রে জানা গেছে, নবম শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেছিল ১ লাখ ৩৩ হাজার ৮৮০ জন। এসব শিক্ষার্থীদের মধ্যে ফরম ফিলাপ করেনি ২৯ হাজার ৫৪২ জন।
ঝরে পড়ার পেছনে দারিদ্র্য, বাল্যবিয়ে, কর্মে প্রবেশ, পড়ালেখায় অনাগ্রহ, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, রেজিস্ট্রেশন করার পরও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী ফরম ফিলাপ না করায় পরীক্ষায় অংশ নিতে পারছে না। বিশেষ করে পাহাড়ি ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার হার বেশি। এ সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এদিকে, আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার মোট ১ হাজার ২১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। গত বছর শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ১৬৪টি, অর্থাৎ এ বছর ৫৪টি প্রতিষ্ঠান বেড়েছে। এবার চট্টগ্রামে বোর্ড থেকে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন, ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন।
