জ্বালানি সংকটের মধ্যে একের পর এক চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জাহাজ। যেগুলো করে আসছে লাখ লাখ টন জ্বালানি। গত কয়েকদিনে আসা ৫টি জাহাজ অপেক্ষা করছে খালাসের জন্য। এসব জাহাজে এক লাখ ৭৭ হাজার টন ডিজেল রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
গতকাল বুধবার ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ নামের জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে বার্থিং নিয়ে খালাস কার্যক্রম শুরু হয়েছে। একইসঙ্গে জাহাজটি থেকে তেল খালাসের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এর আগে, ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমটি অকট্রি’ খালাস শেষে বুধবার বন্দরের জেটি ত্যাগ করবে।
বিপিসি বলছে, গত ১৭ এপ্রিল ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে আসা চায়নার পতাকাবাহী ‘এমটি লিয়ান সং হো’ জাহাজ তিনটি বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করছে। জাহাজটি থেকে লাইটারিং করা হচ্ছে। ২০ এপ্রিল ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’। ১৯ এপ্রিল মালয়েশিয়া থেকে ৩৫ হাজার ২৮ টন ডিজেল নিয়ে আসে ‘এমটি গোল্ডেন হরাইজন’, ২১ এপ্রিল ৩২ হাজার ৫শ টন ডিজেল নিয়ে আসে ‘এমটি হাফনিয়া চিত্তা’ এবং সিঙ্গাপুর থেকে ৩৪ হাজার ৫৩৩ টন ডিজেল নিয়ে ‘এমটি এফপিএমসি ৩০’। পাশাপাশি চায়না থেকে ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি জিং টং ৯৯’ নামের জাহাজটি ২২ এপ্রিল আসার কথা থাকলেও এটি ২৪ এপ্রিল চট্টগ্রামে আসবে।
বিপিসির বাণিজ্যিক ও পরিচালনা বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইন জানান, আমদানিকৃত এই জ্বালানি দ্রুততম সময়ে দেশের বিভিন্ন প্রান্তের ডিপোসমূহে সরবরাহ করার প্রস্তুতি চলছে।
