চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপি কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে রাউজান থানার পূর্ব রাউজান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. শফি (৩৯) ও মো. সুমন (৩৩)। তারা রাউজানের স্থানীয় বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল খামারটিলা এলাকায় বিএনও ব্রিকফিল্ডের উত্তর-পূর্ব পাশের সড়কে পূর্ব শত্রুতার জেরে কাউছার জামান বাবলুকে (৩৪) গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে রাউজান থানায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, প্রত্যক্ষ সাক্ষীর তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে পূর্ব রাউজান এলাকা থেকে বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. শফি ও মো. সুমনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারেও পুলিশ কাজ করে যাচ্ছে।
