back to top

৪৮ কোটি টাকা পাচারের দায়ে ব্যবসায়ীর ১১ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৩ মে, ২০২৬ ১০:৫০
[photo_card_and_fontsize]

বেসরকারি এবি ব্যাংকের প্রায় ৪৮ কোটি টাকা আত্মসাত করে পাচারের মামলায় চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডের এক মালিককে বিভিন্ন ধারায় মোট ১১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে সমপরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। স্ক্র্যাপ জাহাজ ও কাঁচামাল আমদানির নামে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছিল ব্যাংক কর্তৃপক্ষ। গতকাল রবিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দিয়েছেন।

দণ্ডিত গিয়াস উদ্দিন কুসুম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকার তানহা স্টিল নামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক। আসামি বর্তমানে পলাতক আছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি মোহাম্মদ নুরুন্নবীকে খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, গিয়াস উদ্দিন কুসুম এবি ব্যাংকের জুবিলী রোড শাখা থেকে এলসি সুবিধার মাধ্যমে বিপুল অর্থ উত্তোলন করেন। অভিযোগ অনুযায়ী, এলসির বিপরীতে আনা পণ্য ব্যাংকের নিয়ন্ত্রণে না রেখে বিক্রি বা সরিয়ে ফেলা হয় এবং পরবর্তীতে ঋণের অর্থও পরিশোধ করা হয়নি। ২০১৪ সালের ১৩ মার্চ এবি ব্যাংকের এক কর্মকর্তার করা মামলার পর দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ৭ নভেম্বর বিচার কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করা হয়।