back to top

এক মাস বন্ধের পর উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ মে, ২০২৬ ১৪:৩৭
[photo_card_and_fontsize]

প্রায় এক মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে।

ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে একটি জাহাজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। ওই জাহাজ থেকে তেল খালাসের পর ৭ মে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম পুনরায় চালু হবে।

এর আগে, ক্রুড অয়েল সংকটে গত ১৪ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৬৮ সালে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার পর এটি প্রথম ঘটনা। ক্রুড অয়েল সংকটে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিপিসির আমদানি করা ক্রুড অয়েল পরিবহনের কাজ করে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (চাটারিং অ্যান্ড ট্রাম্পিং) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, চলতি মাসের ২২/২৩ তারিখে আরও এক লাখ টন ক্রুড অয়েল একটি জাহাজ দেশে আসার সিডিউল রয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে এই তেলগুলো আমদানি করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে তেল লোড করার পর আগামী ১০ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেবে। ২২ অথবা ২৩ মে জাহাজটি বন্দরে এসে পৌঁছাবে।