back to top

জ্বালানি সংকটে স্বস্তি: এক লাখ টন ক্রুড নিয়ে জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

উৎপাদনে ফিরছে ইআরএল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ মে, ২০২৬ ০৬:৪১
[photo_card_and_fontsize]

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামে একটি জাহাজ আজ বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাহাজটির আগমনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাননাত।

জ্বালানির অভাবে গত ১২ এপ্রিল থেকে উৎপাদন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত একমাত্র শোধনাগার ইআরএল এই তেল পৌঁছানোর পর আবার উৎপাদনে যেতে পারবে। শরীফ হাননাত বলেন, আগামী ১১ বা ১২ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে। সেটি ২২ বা ২৩ মের মধ্যে পৌঁছাতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই জ্বালানি দেশে পৌঁছালে পেট্রল, অকটেন ও ডিজেলসহ বিভিন্ন জ্বালানির সংকট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে। ইআরএল সূত্র জানায়, মোট দুই লাখ টন ক্রুড অয়েল দিয়ে অন্তত দুই মাস পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালানো সম্ভব।

এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি অঞ্চলে আটকে পড়া ‘এমটি নরডিক্স পল্যাক্স’ নামের আরও এক লাখ টন ক্রুডবাহী জাহাজ দেশে আনার চেষ্টা চলছে।

সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ছেড়ে আসা ‘এমটি নিনেমিয়া’ ইতিমধ্যে বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ক্রুড অয়েল আমদানির জাহাজ ভাড়া ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, মে মাসেই দুই লাখ টন ক্রুড দেশে পৌঁছাবে। পাশাপাশি আরও এক লাখ টন ক্রুড আমদানির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সব মিলিয়ে আগামী অন্তত তিন মাস ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েলের কোনো ঘাটতি থাকবে না।