চট্টগ্রামে জব্দ করা পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ) সদস্যদের প্রায় ৩২ হাজার পোশাক আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার নগরের মনসুরাবাদ পুলিশ লাইন্সে এসব পোশাক ধ্বংস করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা এসব আলামত দীর্ঘদিন সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি এবং স্থান সংকুলানের সমস্যা দেখা দেওয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী সেগুলো ধ্বংস করা হয়েছে।
পুলিশ জানায়, গত বছরের ১৮ মে নগরের বায়েজিদ বোস্তামী এলাকার কয়েকটি স্থান থেকে সামরিক ধাঁচের বিপুল পরিমাণ পোশাক জব্দ করা হয়। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা হলে তদন্তে উঠে আসে, পোশাকগুলো পার্বত্য চট্টগ্রামভিত্তিক সশস্ত্র সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’-এর সদস্যদের জন্য তৈরি করা হয়েছিল।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আলামত হিসেবে জব্দ পোশাকগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকায় অপব্যবহার বা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদালতে আবেদন করা হলে আদালত বিচারিক প্রয়োজনে ১০০টি পোশাক নমুনা হিসেবে সংরক্ষণের নির্দেশ দেন। বাকি ৩১ হাজার ৭৭৫টি পোশাক ধ্বংসের আদেশ দেওয়া হয়।
বান্দরবানের রুমা উপজেলাকে কেন্দ্র করে সক্রিয় এই সংগঠনটির অস্তিত্ব প্রথম প্রকাশ্যে আসে ২০২২ সালের শুরুর দিকে। বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, খুমি ও ম্রোসহ কয়েকটি জাতিগোষ্ঠীকে নিয়ে সংগঠনটি গঠনের কথা বলা হলেও মূলত বম জনগোষ্ঠীর একটি অংশ এর সঙ্গে যুক্ত বলে ধারণা করা হয়। এ কারণে স্থানীয়ভাবে সংগঠনটি ‘বম পার্টি’ নামেও পরিচিত।
