back to top

পার্বত্য অঞ্চল থেকে গুলি এনে নগরে বিক্রি

১৫০ রাউন্ড বিদেশি গুলিসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ০২:১৯
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের পার্বত্য অঞ্চল থেকে বিদেশি পিস্তলের গুলি সংগ্রহ করে নগরে বিক্রির অভিযোগে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং জানান, শুক্রবার (৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে নগরের ওয়াসা মোড় এলাকার টেস্টি ট্রিট ফাস্টফুড দোকানে অভিযান চালিয়ে ফয়সাল আহমেদ রনিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

পরে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের দামপাড়া এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আমিনুল হক বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আরও ১১ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সব গুলিই ‘মেড ইন ইন্ডিয়া’। মোট ১৫০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস থেকে গুলিগুলো সংগ্রহ করে নগরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।