back to top

আদালতের আদেশ উপেক্ষা, ব্যবসায়ীর জমিতে দখলচেষ্টার অভিযোগ

স্থাপনায় হামলা-ভাঙচুর করে অভিযুক্তরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ০২:০২
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের মিরসরাইয়ে আদালতের নির্দেশনা অমান্য করে এক ব্যবসায়ীর মালিকানাধীন জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত ফজলুল হক জোরারগঞ্জ থানার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, তৈরি পোশাক রপ্তানিকারক ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্য মো. নুর উদ্দিনের মালিকানাধীন ১৪০ দশমিক ৪৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি বিএস খতিয়ান নম্বর ১৯২৪ ও বিএস দাগ নম্বর ১৩৯১১-এর অন্তর্ভুক্ত।

ভুক্তভোগী পক্ষের দাবি, জমি-সংক্রান্ত বিরোধের প্রেক্ষিতে আদালত গত ১৫ এপ্রিল জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের ওই আদেশ অনুযায়ী, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমির বর্তমান অবস্থা অপরিবর্তিত রাখার কথা ছিল। তবে অভিযোগ রয়েছে, সেই নির্দেশনা উপেক্ষা করে গত ১১ মে ফজলুল হকের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল জমিতে প্রবেশ করে ভাঙচুর চালায়।

সিসি ক্যামেরা ভাঙচুর করছে অভিযুক্তরা

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা জমির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখানে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় তারা জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত করারও চেষ্টা চালায়।

ঘটনার পরপরই বিষয়টি জোরারগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আদালতের নির্দেশনার পর পরিস্থিতি শান্ত হওয়ার আশা করা হলেও সাম্প্রতিক ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এ ধরনের কর্মকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রাও।

মো. নুর উদ্দিন বলেন, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও একটি সংঘবদ্ধ ও সশস্ত্র দল জমিতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

ভেতরে প্রবেশ করে ভাঙচুরের চেষ্টা, সিসি ক্যামেরা থেকে সংগৃহীত

তিনি আরও অভিযোগ করেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে তাদের ক্রয়কৃত জমির ভোগদখলে বাধা সৃষ্টি করে আসছিল। জমি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী পক্ষ জানায়, এর আগেও গত ১৫ ফেব্রুয়ারি নুর উদ্দিন ব্যবসায়িক কাজে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অভিযুক্তরা জমি দখলের চেষ্টা চালায়। সেদিন দলবল নিয়ে তারা জমির বাউন্ডারি ভেঙে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় জমিতে দায়িত্বরত কেয়ারটেকার ও স্থানীয় কয়েকজন বাধা দিলে অভিযুক্তরা দা, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।