back to top

সীতাকুণ্ডে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল মা

বাঁচানো গেল না কাউকে

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ০৫:৩২
[photo_card_and_fontsize]

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মা ও তার ২২ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তারিন আক্তার (২৮) ও তার ২২ মাস বয়সী কন্যা ইয়াশা। তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী ও কন্যাশিশুকে নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বেড়াতে এসেছিলেন তারিন আক্তার। রাতে চট্টগ্রাম নগরের বাসায় ফেরার পথে মোটরসাইকেলের মাঝখানে বসা শিশুটি হঠাৎ রাস্তায় পড়ে যায়। সন্তানকে বাঁচাতে গিয়ে তারিনও মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান।

এ সময় একইমুখী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মা ও শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তারিন আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, মোটরসাইকেল করে স্ত্রী ও বাচ্চাকে নিয়ে ভাটিয়ারী গাল্ফ ক্লাব ঘুরে নিজ বাসা চট্টগ্রামের লালখান বাজারে যাওয়ার সময় মোটর সাইকেল থেকে কোলের সন্তান পড়ে যাওয়ায় স্ত্রীও লাফিয়ে পড়েন। এতে গাড়ি চাপা পড়ে স্ত্রী ঘটনাস্থলে এবং হাসপাতালে সন্তান মারা যান।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়ে আমার সাবেক সহকর্মী বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা তারিন ও তার শিশু সন্তান মারা যায়। ঘটনাটি আমাদেরকে হতবিহ্বল করে দিয়েছি। আমরা গভীর শোক প্রকাশ করছি।