back to top

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন কার্যালয় থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১২:০৬
[photo_card_and_fontsize]

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই কার্যালয়ের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার নগরীর খুলশী এলাকার ওই কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও সন্দেহ তৈরি হয়। পরে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহটি ওই কার্যালয় থেকে নিয়ে যেতে দেখা যায়। তবে কীভাবে ওই কর্মকর্তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, নরেন ধর ওই কার্যালয়ের প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে কোনো সন্দেহজনক আলামত পাওয়া গেছে কি না, তাও এখনো নিশ্চিত করা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে ঘটনার পর ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ব্যাপক সতর্কতা দেখা যায়। তবে এ বিষয়ে কার্যালয়ের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।