back to top

চট্টগ্রামে চৌবাচ্চায় জেট ফুয়েল মজুত, কোস্ট গার্ডের অভিযান

অভিযানে বিপুল জ্বালানি ও ভোজ্যতেল জব্দ

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১০:০৪
[photo_card_and_fontsize]

চট্টগ্রাম নগরের পতেঙ্গা ও ইপিজেড এলাকায় পৃথক অভিযানে মজুত রাখা জেট ফুয়েলসহ সাড়ে ১৪ হাজার লিটার জ্বালানি তেল ও ৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে কোস্ট গার্ড। গত সোমবার দিবাগত রাতে পতেঙ্গা থানার ভিআইপি রোডসংলগ্ন একটি গোপন আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে বিশেষভাবে তৈরি চৌবাচ্চায় জেট ফুয়েল সংরক্ষণ করা হচ্ছিল। পাশাপাশি সারি সারি ড্রামে রাখা ছিল ডিজেল ও অকটেন। অভিযান চালিয়ে মোট ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার অকটেন জব্দ করা হয়। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়। জব্দকৃত জ্বালানির আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ ৩৫ হাজার টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পদ্মা অয়েল পিএলসির ডিপো থেকে একটি ট্যাংকলরিতে করে জেট ফুয়েল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়ার কথা ছিল। তবে সেটি গন্তব্যে না গিয়ে চোরাকারবারিদের কাছে পৌঁছে যায়। পরে ওই জ্বালানি গোপন আস্তানায় মজুত করা হয়।

তিনি আরও জানান, একই রাতে ইপিজেড থানাধীন আকমলআলী স্লুইচগেট সংলগ্ন ঘাট এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

কোস্ট গার্ড জানায়, দুটি অভিযানের কোনো স্থানেই চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়নি। অভিযান শুরুর আগেই তারা পালিয়ে যায়। তবে চক্রের সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে জেট ফুয়েল চুরির চেষ্টার ঘটনায় পদ্মা অয়েল পিএলসি ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান জানান, বিষয়টি জানার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।