পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার করে তাঁকে পুনরায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সংসদ সদস্য প্রার্থী। একই সঙ্গে বর্তমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে (মীর হেলাল) অপসারণেরও দাবি জানিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি স্টেডিয়াম প্রাঙ্গণের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ইউপিডিএফ-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী পহেল চাকমা এবং গণঅধিকার পরিষদ-সমর্থিত প্রার্থী এম এ আবুল বাশার।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ‘ঘ’ খণ্ডের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং মন্ত্রণালয়ের কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার স্বার্থে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে হবে।
তাঁরা দাবি করেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর কোনো পদ রাখার বিধান নেই। সে কারণে চুক্তির সঙ্গে সাংঘর্ষিকভাবে বর্তমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে অবিলম্বে পদ থেকে প্রত্যাহার করার দাবি জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে কাউকে এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে নিয়োগ না দেওয়ার বিষয়টি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এদিকে দীপেন দেওয়ানকে পুনরায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে রাঙামাটির জুরাছড়ি উপজেলা ও শহরের রিজার্ভ বাজারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিধান যথাযথভাবে বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই তাঁদের এই দাবি। তবে এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
