back to top

চট্টগ্রাম থেকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেল ৪ নেতা

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬ ১২:৫৭
[photo_card_and_fontsize]

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম থেকে চারজন নেতা স্থান পেয়েছেন। আজ বৃহস্পতিবার ঘোষিত এ কমিটি অনুমোদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

চট্টগ্রাম থেকে সহ-সভাপতি পদে ফেরদৌস আহমেদ মুন্না, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবদুল কুদ্দুস মজুমদার এবং সদস্য পদে রাজীব আহসান চৌধুরী পাপ্পু স্থান পেয়েছেন। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

নতুন কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রজীবন থেকেই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় খোরশেদ আলম বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যুবদলের একজন কর্মী হিসেবে নিরলসভাবে কাজ করে যেতে চাই।