back to top

চট্টগ্রামে কথিত সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৫০ লাখ টাকার চাঁদাবাজির মামলা

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬ ১০:৫৮
[photo_card_and_fontsize]

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার আসামি কথিত সাংবাদিক মাজেদুল ইসলামের বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (৭ জুন) চট্টগ্রাম মহানগর অতিরিক্ত মুখ্য হাকিম মো. মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

বাদীপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল গালিব বলেন, মহানগর দায়রা জজ আদালত আসামির জামিন বাতিল করে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি আদালতের নির্দেশনা অনুসরণ না করে সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন নাকচ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

অভিযুক্ত আসামি মাজেদুল ইসলাম

মামলার নথি অনুযায়ী, ব্যবসায়ী মোসলেম উদ্দিন সাংবাদিক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে মাজেদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটির তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরে মাজেদুল ইসলাম আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট তাঁলকে আগাম জামিন না দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই নির্দেশনার পর ২০২৫ সালের ৫ অক্টোবর তিনি চট্টগ্রাম মহানগর মুখ্য হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে দুই দিন পর, ৭ অক্টোবর কোতোয়ালী আমলি আদালত থেকে তিনি জামিন পান। এ আদেশে সংক্ষুব্ধ হয়ে বাদীপক্ষ মহানগর দায়রা জজ আদালতে একটি ফৌজদারি মিস মামলা দায়ের করে।

দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ৩০ এপ্রিল অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩ কোতোয়ালী আমলি আদালতের দেওয়া জামিনের আদেশ বাতিল করেন। একই সঙ্গে মাজেদুল ইসলামকে সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণের শেষ দিন ছিল গত ৭ জুন। তবে ওই দিন তিনি আত্মসমর্পণ না করে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।